• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম


রাশেদ খাঁনকে ‘বদদোয়া’ দিলেন আমির হামজা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ১:৪৫ এএম

নারীঘটিত অডিও-ভিডিও থাকার দাবি নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। রাশেদ খাঁনের এমন দাবিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, আলেমদের সম্মানহানি করার চেষ্টা চলছে। একই সঙ্গে রাশেদ খাঁনকে উদ্দেশ করে কড়া সমালোচনা ও বদদোয়া করেছেন তিনি।সম্প্রতি বগুড়ায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আমির হামজা। সেখানে তিনি রাশেদ খাঁনের নাম সরাসরি উল্লেখ না করলেও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাম্প্রতিক অভিযোগের প্রসঙ্গ তুলে তার সমালোচনা করেন।আমির হামজা বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি মোবাইল চেক করে দেখবেন, নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে? চাটাচাটি করে এ পদটা যদি না পেত, আমার মনে হয় রাস্তায় ঝাড়ু দিয়ে খাওয়া লাগত। ওর তো রাস্তা ঝাড়ু দেওয়ারও যোগ্যতা নেই। কী যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নিবে মানুষ?’তিনি আরও বলেন, যারা মানুষের পেছনে লেগে থাকে, আল্লাহ যেন তাদের কথা বন্ধ করে দেন। এ সময় নিজের পেছনে যারা লেগেছেন, তাদের উদ্দেশে বদদোয়া করেন তিনি।আমির হামজা এ সময় জামায়াতের সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গও টানেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে রিমান্ডে থাকাকালে তৎকালীন ডিসি ও এসপিরা তাকে মোবাইলে সাঈদীর কণ্ঠের মতো একটি অডিও শুনিয়েছিলেন। ওই অডিওতে এক নারীর সঙ্গে কথোপকথন ছিল বলে দাবি করেন তিনি। আমির হামজার ভাষ্য, সে সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এমন অডিও তৈরি করা হয়েছিল এবং এ প্রযুক্তি ইসরায়েলের কাছ থেকে আনা হয়েছিল।তিনি বলেন, আল্লামা সাঈদী তার অসম্মানকারীদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। একইভাবে তিনিও বগুড়ার মাটিতে দাঁড়িয়ে আল্লাহর কাছে বদদোয়া করেছেন। যারা তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, একটি অক্ষরের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই।’আমির হামজা আরও দাবি করেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে অতীতে ৪০০ পৃষ্ঠার অভিযোগ তৈরি করা হয়েছিল, যার সঙ্গে বাস্তবতার মিল ছিল না। এসব ঘটনার পেছনে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, যারা সত্য কথা বলতে চান, তাদের থামিয়ে দিতে একই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।এর আগে গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে আমির হামজার কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেন, কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্যকে ঘিরে নারীসংক্রান্ত কিছু অডিও ও ভিডিও তার হাতে এসেছে। সেগুলো যাচাই করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।পোস্টে কথিত কথোপকথনের কিছু অংশ প্রকাশ করার পাশাপাশি অডিওর লিংক মন্তব্যের ঘরে যুক্ত করার কথা জানান রাশেদ খাঁন। পরদিন ৬ নভেম্বর দেওয়া আরেকটি পোস্টে তিনি দাবি করেন, এ-সংক্রান্ত তথ্যপ্রমাণ তার হাতে রয়েছে এবং বিষয়টি জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়েও আগে থেকে জানা ছিল।রাশেদ খাঁনের প্রকাশ করা কথিত অডিওতে এক ব্যক্তিকে অনুতপ্ত হওয়ার কথা বলতে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করতে শোনা যায়। সেখানে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’তবে প্রকাশিত অডিও-ভিডিওর সত্যতা এবং এতে থাকা কণ্ঠের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে আমির হামজা ও রাশেদ খাঁনের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

/বিএসএস

সূত্র: বিডি২৪লাইভ