• ঢাকা
  • রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম


‘আপা’ দেশে ফিরলে ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ নভেম্বর ২০২৬ ১০:৫৪ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো ডিসেম্বরেই ‘আপা’র দেশে ফেরার সুযোগ নেই। তিনি দেশে ফিরলেও তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও নিষ্ক্রিয় হয়ে যায়নি। শিক্ষার্থীদের নিজেদের অবস্থানের প্রমাণ দিতে হবে। শুধু নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করলেই চলবে না; পুরো দেশ এবং বিশ্ব নিয়ে ভাবতে হবে। তাঁর ভাষায়, এটাই বিশ্ববিদ্যালয়ের প্রকৃত পরিচয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, বিশ্বের কোথায় কী ধরনের চিন্তাভাবনা হচ্ছে এবং কোথায় কী ঘটছে, সেসব বিষয়ে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ধারণা থাকা প্রয়োজন। বৈশ্বিক কর্মবাজারের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। চাকরির সুযোগ শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়; বিশ্বে কোথায় নিজেদের প্রতিষ্ঠিত করা সম্ভব, তা নিয়েও শিক্ষার্থীদের ভাবতে হবে।

৭ নভেম্বর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তাঁরা ৭ নভেম্বরকে ধারণ করেন। তাঁর প্রশ্ন, ৭ নভেম্বর বিপ্লব হলে জুলাই গণ-অভ্যুত্থান কেন বিপ্লব হবে না? বর্তমান সরকার নিজেদের পক্ষে যায় এমন ঘটনাকে বিপ্লব হিসেবে আখ্যায়িত করে, আর যেসব ঘটনায় তাদের পক্ষে অবস্থান ছিল না কিংবা তাদের নেতৃত্ব ছিল না, সেগুলোকে বিপ্লব না বলে আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে বলে মন্তব্য করেন তিনি।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘আমরা ৭ নভেম্বরকেও বিপ্লব মনে করি, আবার জুলাই বিপ্লবকেও বিপ্লব মনে করি, ঠিক কি না?’

আগামী ডিসেম্বর মাসে কারও দেশে ফেরার সম্ভাবনার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বর মাসে নাকি কেউ দেশে আসতে চাচ্ছেন। এ বিষয়ে শিক্ষার্থীরা জানেন কি না, তাঁরা প্রস্তুত আছেন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় যেভাবে প্রস্তুতি ছিল, এবারও তেমন প্রস্তুতি রয়েছে কি না, তা জানতে চান। একই সঙ্গে এবার প্রতিরোধ আগের তুলনায় বেশি হবে, নাকি কম হবে—সেই প্রশ্নও রাখেন তিনি।

বিচার না পাওয়ার ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, আগেরবার তাঁরা অনেক উদারতা দেখিয়েছিলেন এবং ক্ষমা করে দিয়েছিলেন। ওসমান হাদীর ভাষায় তাঁরা বলেছিলেন, শত্রুর প্রতিও ইনসাফ ও ন্যায়বিচার করবেন। কিন্তু গত দুই বছরে কোনো বিচার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ওসমান হাদী হত্যার বিচার হয়নি, জুলাইয়ের শহিদ ভাই-বোনদের হত্যারও বিচার পাওয়া যায়নি। জনগণ যখন ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়, তখন তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসউদ এবং যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন। এ ছাড়া জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসএন