বলিউড অভিনেতা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের পারিবারিক সম্পর্কের উষ্ণতা আবারও প্রকাশ্যে এসেছে। সাইফের প্রথম সংসারের ছেলে ইব্রাহিম আলী খান এবার প্রকাশ্যেই কারিনাকে জীবনের সেরা সৎমা হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি বাবাকে নিজের জীবনের আদর্শ ও নায়ক বলেও উল্লেখ করেছেন তিনি।
সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’-এর বিশেষ একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত হন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। এই অনুষ্ঠানে তাদের উদ্দেশে ভিডিও বার্তা পাঠান সাইফের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সন্তান সারা আলী খান ও ইব্রাহিম আলী খান।
ভিডিও বার্তায় ইব্রাহিম বাবার জীবনের নানা কঠিন সময়ের কথা তুলে ধরেন। শারীরিক অসুস্থতা, আঙুলে আঘাত এবং বান্দ্রার বাড়িতে ছুরিকাঘাতের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, প্রতিকূল পরিস্থিতিতেও সাইফ যেভাবে ঘুরে দাঁড়ানোর মানসিকতা দেখিয়েছেন, তা তাঁকে অনুপ্রাণিত করে। এ কারণেই বাবাকে সব সময় নিজের নায়ক হিসেবে দেখেন তিনি।
একই ভিডিও বার্তায় সৎমা কারিনা কাপুর খানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইব্রাহিম। সব সময় পাশে থাকার জন্য কারিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি তাঁকে জীবনের সেরা সৎমা বলে উল্লেখ করেন। পাশাপাশি কারিনার প্রতি নিজের ভালোবাসার কথাও জানান সাইফপুত্র।
অন্যদিকে, ভিডিও বার্তায় বাবা সাইফের ব্যক্তিত্ব, আভিজাত্য ও স্টাইলের প্রশংসা করেন সারা আলী খান। একই সঙ্গে কারিনা ও করণ জোহরের জুটির প্রতিও নিজের ভালো লাগার কথা জানান তিনি। বিশেষ করে ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় কারিনার অভিনীত ‘পু’ চরিত্রটি ছোটবেলা থেকেই তাঁর খুব পছন্দের বলে জানান সারা।
অনুষ্ঠানে সাইফ ও কারিনা তাদের দুই ছেলে তৈমুর ও জেহর সঙ্গে ইব্রাহিমের সম্পর্ক নিয়েও কথা বলেন। কারিনা জানান, ছোট দুই ভাই ইব্রাহিমকে খুব ভালোবাসে এবং তাকে অনুসরণ করে।
অন্যদিকে সাইফ আলী খান বলেন, ইব্রাহিম নিয়মিত তার ছোট ভাইদের খোঁজখবর রাখেন এবং তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন।
সব মিলিয়ে সারা ও ইব্রাহিমের পাঠানো ভালোবাসাপূর্ণ বার্তায় সাইফ-কারিনার পরিবারের সদস্যদের মধ্যকার আন্তরিক সম্পর্ক ও পারিবারিক বন্ধনের চিত্র উঠে এসেছে।
/এসএন