অতীতে একটি দল মুক্তিযুদ্ধকে পুঁজি করে ব্যবসা করেছে, এখন আরেকটি দল জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা করতে চায় বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
তিনি বলেন, বিএনপি কোনো চেতনার ব্যবসা করতে চায় না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে সঙ্গে নিয়ে দেশ ও সমাজ পুনর্গঠনে কাজ করতে চায় বিএনপি।
সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দীর্ঘ তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর প্রায় সাড়ে চার মাসের ব্যবধানে নিজ নির্বাচনী এলাকায় ফিরে বক্তব্য দেন কায়কোবাদ। এ সময় স্থানীয় মানুষের প্রতি আবেগ প্রকাশ করে তিনি বলেন, মুরাদনগরের মানুষের কাছে তিনি নিজেকে মন্ত্রী হিসেবে নয়, বরং এ জনপদের একজন সাধারণ ‘কামলা ও খাদেম’ হিসেবে মনে করেন।
শিক্ষার মান নিয়ে উদ্বেগ
শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে ধর্মমন্ত্রী বলেন, ‘শিক্ষার মান কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।’
মুরাদনগরের সাম্প্রতিক পাবলিক পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল টানা দুই বা তিনবার খারাপ হবে, সেসব প্রতিষ্ঠানের এমপিও বন্ধের সুপারিশ করা হবে। সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে খারাপ ফল করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের উন্নয়ন পরিকল্পনা
সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে কায়কোবাদ বলেন, প্রতিবন্ধী ভাতা, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের ভাতা প্রদান এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কাজ চলছে।
/এএসএফ