• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ এএম


হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ অক্টোবর ২০২৬ ৭:০৬ পিএম

প্রথম দফার ভোটে পিছিয়ে থাকলেও দ্বিতীয় দফার নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন ৮০ বছর বয়সী এই রাজনীতিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রাজিলের সুপিরিয়র ইলেকটোরাল কোর্টের তথ্য অনুযায়ী, লুলা পেয়েছেন ৬ কোটি ৪০ লাখের বেশি ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশ ভোট, যার পরিমাণ ৫ কোটি ৯০ লাখের কিছু বেশি। এর আগে নির্বাচনের প্রথম দফায় লুলা পেয়েছিলেন ৪৫ শতাংশ ভোট, আর বলসোনারো পেয়েছিলেন ৪৭ শতাংশ।

প্রথম দফায় পিছিয়ে থাকার পর দ্বিতীয় দফায় জয় পাওয়ার মধ্য দিয়ে ব্রাজিলের আধুনিক রাজনৈতিক ইতিহাসে নতুন নজির গড়েছেন লুলা। দেশটির ইতিহাসে প্রথম দফার নির্বাচনে পরাজিত হয়েও দ্বিতীয় দফায় জয়ী হওয়ার ঘটনা এটিই প্রথম। আগামী ২০২৭ সালের ৫ জানুয়ারি চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তাঁর।

নির্বাচনের দিন পরিবহনসংকট ও ভারী বৃষ্টির কারণে ভোটগ্রহণে বিঘ্ন ঘটে। এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্ধারিত সময়ের চেয়ে আরও দুই ঘণ্টা ভোটগ্রহণ চালু রাখা হয়।

লুলার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম এবং যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। তবে ভোটগ্রহণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে আইনি জটিলতার অভিযোগ তুলেছেন বিরোধী প্রার্থী ফ্লাভিও বলসোনারো ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তাঁরা এ সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচনের ফল বাতিলের ইঙ্গিত দিয়েছেন।

বিজয়ী ভাষণে লুলা স্বীকার করেন, তাঁকে ডানপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা থাকা কংগ্রেসের মুখোমুখি হতে হবে। ফলে নতুন মেয়াদে সরকার পরিচালনায় তাঁকে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। লাতিন আমেরিকাজুড়ে ডানপন্থী শক্তির উত্থানের মধ্যে লুলার এই বিজয়কে অঞ্চলের রাজনীতিতে নতুন পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনী প্রচারণায় লুলা কর্মসপ্তাহের দৈর্ঘ্য কমানো এবং মানুষের অর্থনৈতিক চাপ লাঘবের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর এই প্রতিশ্রুতিগুলোও নির্বাচনী আলোচনায় গুরুত্ব পেয়েছে।

উল্লেখ্য, লুলার সাবেক প্রতিদ্বন্দ্বী এবং এবারের নির্বাচনে তাঁর প্রতিপক্ষ ফ্লাভিও বলসোনারোর বাবা জাইর বলসোনারো অভ্যুত্থানচেষ্টার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্রাজিলের ওপর বিভিন্ন শুল্ক আরোপ করেছিল।

/এসএন