• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ এএম


নভেম্বরের মাঝামাঝি থেকে বাড়বে শীতের দাপট, তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ অক্টোবর ২০২৬ ৭:১৬ পিএম

বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ ও মাঘ—এই দুই মাস শীতকাল হিসেবে পরিচিত। তবে পৌষ-মাঘ আসার আগেই দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের আগমনী অনুভূত হতে শুরু করেছে। এর মধ্যে রয়েছে পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। তবে দেশের সব অঞ্চলে শীতের পূর্ণ আমেজ পেতে আরও এক মাসের বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময় থেকে সারা দেশে শীতের প্রভাব স্পষ্ট হতে শুরু করবে।

তিনি জানান, এবার শীতের স্থায়িত্ব তুলনামূলক দীর্ঘ হতে পারে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা কমে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের মতে, নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। তবে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের অনুভূতি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ডিসেম্বর মাস থেকে শীতের প্রকোপ বাড়তে থাকবে। জানুয়ারি মাসে শীতের তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পেরিয়ে গেলে দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।

/এসএন