• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০১ এএম


চাঁদপুরে ১০ মণ ইলিশ জব্দ, বিতরণ করা হলো এতিমখানা ও দুস্থদের মধ্যে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ অক্টোবর ২০২৬ ৬:০৩ পিএম

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ১৬ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ছয়টি নৌকা, ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১০ মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নৌপুলিশ জানায়, বুধবার রাতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় নদীতে মাছ শিকাররত অবস্থায় ওই ১৬ জেলেকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় চাঁদপুর সদর থানায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা কারেন্ট জাল ও নৌকাগুলো বিনষ্ট করা হয়েছে। অন্যদিকে, আদালতের অনুমতি নিয়ে জব্দ করা ১০ মণ ইলিশ মাছ এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, মা ইলিশের অভয়াশ্রম রক্ষা এবং ইলিশের প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে নদীতে দিনরাত তিন থেকে চারটি দল টহল দিচ্ছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই অসাধু জেলেদের নদীতে নামতে দেওয়া হবে না।

/এসএন