• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ এএম


চশমা ছাড়াই কোরআন পড়তেন, ১২৩ বছর বয়সে মারা গেলেন আব্বাস প্রামাণিক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ অক্টোবর ২০২৬ ৯:০৮ এএম

চশমা ছাড়াই কোরআন পড়তেন, ১২৩ বছর বয়সে মারা গেলেন আব্বাস প্রামাণিক

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্বাস প্রামাণিক গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। পেশাগত জীবনে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

হঠাৎ অসুস্থ হয়ে পড়েন

আব্বাস প্রামাণিকের নাতি রিপন হোসেন জানান, তাঁর দাদা শারীরিকভাবে সুস্থ ছিলেন। তবে রোববার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি কথাবার্তা বলা বন্ধ করে দেন।

পরে খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে সেখান থেকে একজন চিকিৎসক তাঁর বাড়িতে এসে চিকিৎসাসেবা দেন। তবে শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেতেন

খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্রের ইউনিটের সাধারণ সম্পাদক ও শিক্ষক আবু সাইদ সরকার জানান, আব্বাস প্রামাণিক দীর্ঘদিন ধরে তাঁদের সেবাকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়ে আসছিলেন।

তাঁর অসুস্থতার খবর পেয়ে বাড়িতে চিকিৎসক পাঠানো হয়েছিল। তাঁকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও জানান আবু সাইদ সরকার।

প্রবীণ এই ব্যক্তির মৃত্যুতে ইউএনওর শোক

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, আব্বাস প্রামাণিক উপজেলার প্রবীণ ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হতো।

তাঁর মৃত্যুর খবর শুনে দুঃখ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

/এএসএফ