দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। নতুন বইয়ের মান নিশ্চিত করতে এবার উন্নতমানের কাগজ ও কালি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, নিম্নমানের কারণে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে। কোনো প্রকাশকের বই বা কাজে মানের ঘাটতি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বই বিতরণের পরও কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। ইউনিফর্মের পাশাপাশি তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন এবং দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
/এসএন