• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম


ছু’রিকাঘা’তে আহত’ হয়েও ১৭৪ যাত্রীকে বাঁচালেন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ২:৪৫ পিএম

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ককপিটের ভেতরে সহ-পাইলটের ছুরিকাঘাতে আহত হয়েও জরুরি অবতরণ করে ১৭৪ যাত্রীর জীবন রক্ষা করেছেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তার সাহসিকতার প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে হিরো হিসেবে দেখা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে যাত্রা করা ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটের ককপিটে হামলার ঘটনাটি ঘটে। বিমানে থাকা ১৭৪ যাত্রীর মধ্যে ১৬৬ জনই ছিলেন ইসরায়েলি নাগরিক।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, সহ-পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে ছুরিকাঘাত করে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। তবে ফ্লাইদুবাই জানিয়েছে, ঘটনার কারণ ও উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন।

ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, ককপিটে সংঘর্ষের সময় উড়োজাহাজটি দ্রুত উচ্চতা হারাতে থাকে। পরে ক্রু ও যাত্রীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিকল্প ক্রুদের মাধ্যমে উড়োজাহাজটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইদুবাই জানিয়েছে, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ আছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্মিত মাচ্ছার মুম্বাইয়ের ঘাটকোপারের বাসিন্দা। তার বয়স প্রায় ৩৫ বছর। তার ভাইও একজন পাইলট এবং তিনিও ফ্লাইদুবাইয়ে কর্মরত।

বিজনেস টুডের প্রতিবেদনে জানা যায়, স্কুলের পড়াশোনা শেষ করার পর স্মিত মাচ্ছার প্রথমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেন। পারিবারিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি এই বিষয়টি বেছে নিয়েছিলেন। পরে তিনি ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন।

পড়াশোনার সময় ১৯ বছর বয়সে একটি এভিয়েশন সেমিনারে অংশ নেওয়ার পর বিমান চালানোর প্রতি তার আগ্রহ তৈরি হয়। এরপর তিনি বিমান চালনাকে পেশা হিসেবে বেছে নেন।

তার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, ২০০৭-০৮ সালে তিনি ওয়েলিংকর ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে পড়াশোনা করেন। হিন্দুস্তান টাইমস তাকে ব্যবসায় প্রশাসনে স্নাতক হিসেবে উল্লেখ করেছে।

এরপর নিউজিল্যান্ডে প্রায় ১৮ মাসের প্রশিক্ষণ নিয়ে বাণিজ্যিক পাইলট লাইসেন্স (সিপিএল) অর্জন করেন স্মিত মাচ্ছার। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে তিনি এই প্রশিক্ষণ শেষ করেন। ভারতে ফিরে হরিয়ানার মানেসর/গুরগাঁওয়ের এফএসটিসিতে বোয়িং ৭৩৭ উড়োজাহাজের টাইপ রেটিং সম্পন্ন করেন।

স্মিত মাচ্ছারের স্ত্রী ও দুই সন্তান দুবাইয়ে থাকেন। তবে দ্য গার্ডিয়ান তাদের পরিচয় প্রকাশ করেনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার বছর ধরে ফ্লাইদুবাইয়ে কাজ করছেন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। এর আগে তিনি স্পাইসজেটে প্রায় ১১ বছর দায়িত্ব পালন করেন। বোয়িং ৭৩৭ উড়োজাহাজে তার ১৩ বছরের বেশি বাণিজ্যিক উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে। তার মোট ফ্লাইট আওয়ার প্রায় ৯ হাজার ৭৫০ ঘণ্টা।

ফ্লাইদুবাই জানিয়েছে, ঘটনার পর ইসরায়েলগামী ওই ফ্লাইটের যাত্রা সম্পন্ন করার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ হওয়ার আগে ঘটনার কারণ নিয়ে কোনো আগাম সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করা যাত্রী ও ক্রুদের প্রশংসা করেন। তার মতে, তাদের দ্রুত পদক্ষেপ বড় ধরনের বিপর্যয় এড়াতে সহায়তা করেছে।

/এসএন