জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কাভার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশ্নের মুখে পড়েছেন সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্স। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ট্রাম্প ও কলিন্সের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
ট্রাম্পের সঙ্গে কথা বলার একপর্যায়ে কেটলান কলিন্স ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, তা জানতে চান। জবাবে ট্রাম্প তাকে থামিয়ে বলেন, ‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’ এরপর সাংবাদিকের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তার সেখানে উপস্থিতি নিয়ে প্রতিবেদন না করাই উচিত।
তবে ট্রাম্পের বক্তব্যের জবাবে কলিন্স জানান, জাতিসংঘ কর্তৃপক্ষ তাকে এবং সিএনএনকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বিতর্কের সংবাদ সংগ্রহের অনুমতি দিয়েছে।
এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কেটলান কলিন্সকে ‘তৃতীয় শ্রেণির প্রতিবেদক’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে জাতিসংঘের সংবাদকক্ষে সাংবাদিকেরা তার উপস্থিতি নিয়ে কেন সমালোচনা করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পরে দেওয়া আরেকটি পোস্টে ট্রাম্প সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে তার প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিয়ে ‘আসক্ত’ থাকার অভিযোগ করেন। ওই পোস্টে সাংবাদিকদের নিয়েও তিনি কড়া ও অবমাননাকর ভাষায় মন্তব্য করেন।
এদিকে ট্রাম্প প্রশাসন সম্প্রতি সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউস কমপ্লেক্সে কাজ করা এবং ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুমতি বাতিল করেছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো আদালতের দ্বারস্থ হয়েছে।
নির্বাহী ক্ষমতা প্রয়োগ এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ওয়াশিংটনে আইনি লড়াইও চলছে।
/এসএন