• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম


দায়িত্বের এক মাসেই সরে দাঁড়ালেন নেপালের জেনজি স্বরাষ্ট্রমন্ত্রী!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ এপ্রিল ২০২৬ ১০:৩৮ পিএম

বিনিয়োগসংক্রান্ত বিতর্কের জেরে দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং। বুধবার (২২ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন।

পোস্টে গুরুং জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং তার পদ যেন তদন্তে কোনো প্রভাব না ফেলে—এ কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, তা তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। “পদমর্যাদার চেয়ে নৈতিকতাকেই আমি বেশি গুরুত্ব দিই”—এমন মন্তব্যও করেন তিনি।

৩৬ বছর বয়সী গুরুং গত বছরের জেনজি আন্দোলনের অন্যতম আলোচিত মুখ ছিলেন। আন্দোলনটি মূলত দুর্নীতিবিরোধী ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবিতে সংগঠিত হয়েছিল, যদিও তাকে ঘিরে কিছু বিতর্কও রয়েছে।

বালেন্দ্র শাহের নেতৃত্বে সরকার গঠনের পর গত ২৭ মার্চ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে, দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ ব্যবসায়ী দিপক ভাটকে মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে। স্থানীয় গণমাধ্যমে গুরুংয়ের সঙ্গে ভাটের সম্ভাব্য সম্পর্ক ও অস্বাভাবিক আর্থিক লেনদেন নিয়ে প্রতিবেদন প্রকাশের পরই বিতর্ক তীব্র হয়।

দায়িত্ব নেওয়ার পরপরই গুরুং সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখাককে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে আলোচনায় আসেন।