ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছেন। দীর্ঘদিন এই তালিকায় শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকেও পেছনে ফেলেছেন তিনি।
প্রায় এক দশকের ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা বিষয়েও আলোচনায় থাকা পরীমনি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যার নতুন রেকর্ড গড়ে আলোচনায় এসেছেন। বর্তমানে তিনিই দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক।
গত বছর পর্যন্ত পরীমনি ও সাকিব আল হাসানের ফেসবুক অনুসারীর সংখ্যা প্রায় কাছাকাছি ছিল। একপর্যায়ে সাকিব আবারও এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে পরীমনির অনুসারীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় তিনি সাকিবকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন।
সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পরীমনির অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। দুই তারকার মধ্যে বর্তমানে অনুসারীর ব্যবধান প্রায় ১০ লাখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরনেও দুই তারকার মধ্যে পার্থক্য রয়েছে। সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এ ছাড়া সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিশিয়াল পেজও তাঁর অনুসরণের তালিকায় রয়েছে।
অন্যদিকে পরীমনির ফেসবুক পেজ থেকে ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়। তাঁর অনুসরণের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান ও টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের বহু তারকা।
ফেসবুক অনুসারীর সংখ্যায় এই অগ্রগতির মধ্য দিয়ে দেশের শোবিজ তারকাদের মধ্যে পরীমনি এখন নতুন এক মাইলফলক স্পর্শ করলেন।