• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ এএম


হাসপাতালের বাথরুমেও সরকারি ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুলাই ২০২৬ ১০:১০ পিএম

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, ক্ষোভে ফুঁসলেন স্বাস্থ্যমন্ত্রীস্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের দরিদ্র মানুষ প্রয়োজনীয় ওষুধের অভাবে ভোগে, অথচ সরকারি হাসপাতালে লক্ষ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে রয়েছে। এমনকি হাসপাতালের বাথরুমেও সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে পাওয়া গেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাস্থলেই তিনি সিভিল সার্জন, ডিডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে তিনি হাসপাতালের পাশের একটি বেসরকারি ক্লিনিকও ঘুরে দেখেন।মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই হাসপাতালটিকে ১০১ শয্যায় উন্নীত করার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। এরপর দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। পাশাপাশি চিকিৎসাসেবার মান বাড়াতে এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।পরিদর্শনকালে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/বিএসএস