• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম


২১ এপ্রিল শুরু পরীক্ষা

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ চালু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ এপ্রিল ২০২৬ ২:৫৭ পিএম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এ উপলক্ষে ২০২৬ সালের পরীক্ষার কার্যক্রম পরিচালনার জন্য নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কারের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো পরীক্ষার্থী সরাসরি নকল করতে ধরা না পড়লেও পরীক্ষার হলে নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। যেমন—কথা বলা, বারবার এদিক-ওদিক তাকানো বা অন্যের খাতা দেখে লেখার চেষ্টা করলে দায়িত্বরত কক্ষ পরিদর্শক ‘সাইলেন্ট এক্সপেল’ প্রয়োগ করতে পারবেন।

এই পদ্ধতিতে পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন না যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পরবর্তীতে তার পরীক্ষার খাতা বাতিল করা হবে।

নীতিমালায় বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার বা নীরব বহিষ্কার করা হলে তার উত্তরপত্র নির্ধারিত নিয়মে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার প্রথম অংশ না ছিঁড়ে পর্যবেক্ষকের প্রতিবেদনসহ বোর্ড নির্ধারিত গোপনীয় ফরমে প্রস্তুত করে তা আলাদা প্যাকেটে সংরক্ষণ করতে হবে। প্যাকেটের ওপর লাল কালি দিয়ে ‘রিপোর্টেড’ লিখে অন্যান্য উত্তরপত্র থেকে পৃথকভাবে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।

এছাড়া নীরব বহিষ্কারের ক্ষেত্রে কারণ স্পষ্টভাবে প্রতিবেদনে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে তাদের পরবর্তী সব বিষয়ের উত্তরপত্রও পৃথকভাবে সংরক্ষণ করে সংশ্লিষ্ট তথ্যসহ বোর্ডে পাঠাতে হবে।

নতুন এ নীতিমালার মাধ্যমে পরীক্ষায় অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।