• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম


অবৈধ অভিবাসীদের জন্য দারুণ সুখবর দিল ইতালি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুলাই ২০২৬ ৩:৫৯ পিএম

ইতালিতে বসবাসরত কাগজবিহীন অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এক রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। আদালতের নতুন নির্দেশনা অনুযায়ী, শুধু অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে শেনজেন ইনফরমেশন সিস্টেম (এসআইএস)-এ প্রশাসনিক সংকেত থাকলেই ২০২০ সালের ইমার্সিওন (স্যানাটোরিয়া) কর্মসূচির আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যাবে না।আদালত স্পষ্টভাবে জানিয়েছে, কোনো আবেদন বাতিলের আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিস্থিতি পৃথকভাবে মূল্যায়ন করতে হবে। শুধুমাত্র এসআইএসে থাকা প্রশাসনিক তথ্যকে ভিত্তি করে আবেদন প্রত্যাখ্যান করা আইনসম্মত হবে না।

এই রায়ের ফলে ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বহু কাগজবিহীন অভিবাসী সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন। বিশেষ করে যাদের স্যানাটোরিয়া আবেদন অবৈধ প্রবেশ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণ দেখিয়ে আটকে রাখা হয়েছিল কিংবা বাতিল করা হয়েছিল, তাদের আবেদন এখন নতুন করে পর্যালোচনার সুযোগ সৃষ্টি হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, আবেদন মূল্যায়নের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনকারীর কর্মসংস্থান, ইতালিতে তার বাস্তব অবস্থান, ব্যক্তিগত পরিস্থিতি এবং জননিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।

অর্থাৎ প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।তবে আদালত এ-ও স্পষ্ট করেছে যে, এই সিদ্ধান্ত সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। গুরুতর অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক পাচার কিংবা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ক্ষেত্রে এই রায় কার্যকর হবে না।অভিবাসন বিশেষজ্ঞদের মতে, যেসব অভিবাসীর আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে আছে অথবা একই কারণে আগে প্রত্যাখ্যাত হয়েছে, তারা আইনজীবীর সহায়তা নিয়ে আবেদন পুনর্বিবেচনার জন্য উদ্যোগ নিতে পারেন।

/বিএসএস