• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম


সোনার দামে আবার ঊর্ধ্বগতি, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ এপ্রিল ২০২৬ ৮:২১ পিএম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি আড়াই লাখ টাকা ছাড়িয়ে গেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন নির্ধারিত দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে রুপার দামও কিছুটা বাড়ানো হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে নতুন করে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, তখন ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়। সেই হিসেবে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছিল ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায়।

আন্তর্জাতিক বাজারের প্রভাবেই মূলত দেশের বাজারে এই মূল্যবৃদ্ধি হয়েছে। গোল্ডপ্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, প্রতিবেদন লেখার সময় বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৮২৭ ডলার, যা আগের তুলনায় প্রায় ৮০ ডলার বেশি। এর প্রভাবেই দেশের বাজারে দাম বাড়ানো হয়েছে।

তবে দীর্ঘমেয়াদে চিত্র কিছুটা ভিন্ন। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ১৭৭ ডলার কমেছে। বিশেষ করে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর বাজারে অস্থিরতা তৈরি হলেও, অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে সোনার দামে কিছুটা নিম্নমুখী প্রবণতাও দেখা গেছে। উল্লেখ্য, ২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছিল।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন করে ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এ মানের রুপার দাম ছিল ৫ হাজার ৭১৫ টাকা।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ৫ হাজার ৬০০ ডলারে পৌঁছায়। এর প্রভাবে দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে ভরিপ্রতি ২ লাখ ৮৬ হাজার টাকায় ওঠে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য হিসেবে বিবেচিত।