চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার (২ জুলাই) সারা দেশে একযোগে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ছিলেন ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ০১ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৬৭ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৯৫ জন, যশোর বোর্ডে ২ হাজার ৭৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪০ জন, সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪৬ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৩৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ জন।
অসদুপায়ের দায়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জনসহ মোট ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং অসদুপায়ের অভিযোগে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন। একই সঙ্গে অসদুপায়ের দায়ে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরেও ৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
/এসএন