সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল পরিচিত চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা ও ডা. সাইদুল আশরাফ কুশাল তাদের প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। শনিবার (২৭ জুন) ফেসবুকে দেওয়া এক যৌথ ঘোষণার মাধ্যমে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুষমা রেজা বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে ডা. কুশালকে ট্যাগ করে তিনি লেখেন, দীর্ঘ আত্মসমালোচনা ও গভীর ভাবনার পর তারা পারস্পরিক সম্মতির ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। খবরটি অন্য কোনো সূত্র থেকে নয়, বরং নিজেদের কাছ থেকেই সবাইকে জানাতে চেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
ডা. সুষমা লেখেন, এতদিন যারা তাদের ভালোবেসেছেন এবং পথচলার সঙ্গী হয়েছেন, তাদের অনেকের কাছেই এই সংবাদ কষ্ট, বিস্ময় কিংবা নানা প্রশ্নের জন্ম দিতে পারে। সেই ভালোবাসা ও আস্থার প্রতি সম্মান রেখেই তারা নিজেরাই বিষয়টি প্রকাশ করেছেন।
তিনি জানান, খুব অল্প বয়সে তাদের একসঙ্গে পথচলা শুরু হয়েছিল। প্রায় দুই দশকের এই দীর্ঘ সময়ে তারা একটি পরিবার গড়ে তুলেছেন, সন্তানদের বড় হতে দেখেছেন এবং জীবনের অসংখ্য সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম ও স্মৃতি ভাগাভাগি করেছেন। এসব স্মৃতি তাদের জীবনের অমূল্য অংশ হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
ডা. সুষমা রেজা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তারা উপলব্ধি করেছেন, তাদের সম্পর্ক আর আগের অবস্থানে নেই। দুজনের পরিবর্তনের সঙ্গে সম্পর্কেও পরিবর্তন এসেছে। একপর্যায়ে তারা বুঝতে পারেন, জীবনের এই পর্যায়ে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াই উভয়ের জন্য সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি যেকোনো সম্পর্কের মতো তাদের সম্পর্কেও আনন্দ, সংগ্রাম, সীমাবদ্ধতা এবং অসংখ্য আশীর্বাদ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ যে মুহূর্তগুলো দেখেছেন, সেগুলো কোনো নিখুঁত সম্পর্কের ছবি তুলে ধরার চেষ্টা ছিল না; বরং ছিল তাদের জীবনের বাস্তব ও আন্তরিক কিছু মুহূর্ত।
পরিবার, বন্ধু, সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ পথচলায় সবাই যেভাবে ভালোবাসা, সাহস ও সমর্থন দিয়েছেন, তার জন্য তারা হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।
পোস্টের শেষাংশে ডা. সুষমা রেজা সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে ব্যক্তিগত ঘটনা খুব দ্রুত আলোচনার বিষয় হয়ে যায়। তাই তাদের জীবনের এই সময়টুকুকে অনুমান, গুজব কিংবা বিচার-বিশ্লেষণের বিষয় না করার আহ্বান জানান তিনি। প্রায় ২০ বছরের এই অধ্যায়ের সমাপ্তি তারা পরস্পরের প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং শান্ত গ্রহণযোগ্যতা নিয়েই টানছেন বলেও উল্লেখ করেন।
ডা. সুষমা রেজা ও ডা. সাইদুল আশরাফ কুশাল মানসিক স্বাস্থ্য, সুস্থ জীবনযাপন ও সচেতনতা বিষয়ে নিয়মিত পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তারা যৌথভাবে ‘লাইফ স্প্রিং’ প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসাসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতেন। নিজেদের জীবনের নানা সংগ্রামের গল্প ইতিবাচকভাবে তুলে ধরার কারণে অনেকের কাছেই তারা ‘আইডিয়াল কাপল’ হিসেবে পরিচিত ছিলেন।
সূত্র: ডা. সুষমা রেজার ফেসবুক পোস্ট
/এএসএফ