• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম


শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুন ২০২৬ ৯:৩৬ এএম

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি মন্তব্য করেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশে শাওনের আচরণ সব সীমা অতিক্রম করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

ফেসবুক পোস্টে তাজুল ইসলাম লিখেন, ‘জুলাই বিপ্লবের মাধ‍্যমে অর্জিত বাংলাদেশে এই মহিলার (শাওন) ধৃষ্টতা সকল সীমানা অতিক্রম করেছে। দুটো ঘটনার প্রেক্ষিতে এই মহিলা এই স্ট‍্যাটাসটি দিয়েছে তার একটি হলো নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া। দ্বিতীয়টা হলো একজন জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ কর্তৃক তুলে নিয়ে নির্যাতন করা এবং সেটি ভিডিও করে ছড়িয়ে দেয়া। দুটোই মারাত্মক ফৌজদারী অপরাধ এবং আমলযোগ্য অপরাধ। এই মহিলার ফেসবুক জুড়ে শুধুই জুলাই বিপ্লবকে সন্ত্রাসী কর্মকান্ড বলে প্রোপাগান্ডা। একে অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

এর আগে মেহের আফরোজ শাওন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি দুটি ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে নেত্রকোনা তার শ্বশুরবাড়ি হওয়ায় আনন্দ প্রকাশ করেন। ওই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

শাওন তার পোস্টে লিখেন, ‘আজকে ২টা ঘটনার পর ভাবতেই আনন্দ লাগছে যে নেত্রকোনা আমার শশুরবাড়ি… (ঘটনা ২ টা কি আমাকে জিজ্ঞেস করবেন না, ফেসবুকে-ই পেয়ে যাবেন। আর যারা বুঝে ফেলেছেন তাদের শুভেচ্ছা)।’

শাওনের ওই মন্তব্যকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়। পরে বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

/এসএন