বাংলাদেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সহযোগিতা করতে রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শামা ওবায়েদ বলেন, ‘আজকে আমাদের মেটার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এটি মিটিং হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সেখানে থাকার কথা ছিল। সময়ের কারণে থাকতে পারেননি।’
তিনি জানান, বৈঠকে ঢাকায় মেটার অফিস খোলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটি অত্যন্ত আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, ‘মেটার সঙ্গে ঢাকায় অফিস খোলার বিষয়ে কথা হয়েছে। তারা খুবই আগ্রহী। এর ফোকাল পয়েন্ট ঢাকায় করবে কারণ ভারতের চেয়েও বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি।’
বৈঠকে বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে দেশের ই-কমার্স এবং অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মেটা সহযোগিতা করবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
/এসএন