চলতি বছর আরও কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বন্ধ পাটকল পুনরায় চালুর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অলস পড়ে থাকা রাষ্ট্রীয় সম্পদ এখন সরকারের জন্য বোঝায় পরিণত হয়েছে। এসব সম্পদকে আবারও উৎপাদনমুখী সম্পদে রূপান্তর করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বেসরকারি খাতকে নতুন বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি জানান।
তৈরি পোশাক খাতের রপ্তানি কমে যাওয়ার বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে পোশাক রপ্তানি প্রত্যাশিত গতি পায়নি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরোপিত ট্যারিফের কারণে বৈশ্বিক বাণিজ্যে যে মন্দাভাব তৈরি হয়েছে, তারও প্রভাব বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে পড়েছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতি হলে রপ্তানি আবারও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে টিকে গ্রুপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের ১৪ দশমিক ৮০ একর জমি টিকে গ্রুপকে লিজ দেওয়া হয়েছে।
এই প্রকল্পে প্রতিষ্ঠানটি ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। এর মাধ্যমে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
এর আগে একই বাংলাদেশ জুট মিলসের ৭৭ একর জমি জুট অ্যালায়েন্সকে লিজ দেওয়া হয়েছিল।
/এএসএফ