হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দরে দায়িত্বরত আনসার সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় দ্রুত এই কার্যক্রম সম্পন্ন হয়।
বুধবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় দায়িত্বরত এপিসি মো. নিজাম উদ্দীনকে বিদেশফেরত প্রবাসী যাত্রী মো. শাহীন মৃধা তার হারিয়ে যাওয়া লাগেজের বিষয়ে অবহিত করেন।
বিষয়টি জানার পরপরই এপিসি মো. নিজাম উদ্দীন লাগেজ উদ্ধারের উদ্যোগ নেন এবং শিফটে দায়িত্বপ্রাপ্ত থানা প্রশিক্ষক মো. ওয়াসিম মিয়াকে বিষয়টি জানান। পরে তার নির্দেশনায় আনসার সদস্যরা মাইকিং, অনুসন্ধান এবং সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক খোঁজখবর শুরু করেন।
অনুসন্ধানের একপর্যায়ে জানা যায়, দুবাইপ্রবাসী মো. ঈমান আলী ভুলবশত নিজের লাগেজ বিমানবন্দরে রেখে ওমানপ্রবাসী মো. শাহীন মৃধার লাগেজ সঙ্গে নিয়ে চলে গেছেন। এ কারণে নিজের লাগেজ না পেয়ে শাহীন মৃধা আনসার সদস্যদের সহায়তা চান।
এ সময় ক্যানোপি এলাকায় পড়ে থাকা মালিকবিহীন একটি লাগেজের ট্যাগ পরীক্ষা করে এপিসি মো. নিজাম উদ্দীন একটি মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে ওই নম্বরে যোগাযোগ করলে দুবাইপ্রবাসী মো. ঈমান আলীর সঙ্গে কথা হয় এবং তাকে জানানো হয় যে তার লাগেজটি বিমানবন্দরে পড়ে রয়েছে।
বিষয়টি জানতে পেরে তিনি পুনরায় বিমানবন্দরে ফিরে আসেন। এরপর তার সঙ্গে থাকা লাগেজটি যাচাই করে দেখা যায়, সেটি আসলে শাহীন মৃধার হারিয়ে যাওয়া লাগেজ।
পরবর্তীতে উভয় যাত্রীকে উপস্থিত রেখে লাগেজ দুটির ট্যাগ নম্বর, বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে নিশ্চিত হওয়া যায় যে ভুলবশত মো. ঈমান আলী অন্যের লাগেজ নিয়ে চলে গিয়েছিলেন এবং তার নিজের লাগেজ বিমানবন্দরের ক্যানোপি এলাকায় পড়ে ছিল।
সবশেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উভয় যাত্রীর কাছে তাদের নিজ নিজ লাগেজ হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া লাগেজ ফিরে পেয়ে প্রবাসী যাত্রী মো. শাহীন মৃধা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত সহযোগিতার জন্য দায়িত্বরত আনসার সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
/এএসএফ