শরীয়তপুরের জাজিরা উপজেলায় চাঁদাবাজি, লুটপাট, ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মাদবর এবং তার ছেলে স্বাধীন মাদবরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক আয়েশা আক্তার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার মানিকনগর এলাকার বাসিন্দা সোবহান মাদবরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে সুরুজ মাদবর ও স্বাধীন মাদবরের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বছরের ২ ডিসেম্বর কাজীরহাট এলাকায় সোবহান মাদবরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, হামলার সময় প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পাশাপাশি মালামাল লুটপাট, নগদ অর্থ আত্মসাৎ এবং প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানটি জোরপূর্বক দখলে নেওয়ারও অভিযোগ রয়েছে।
ঘটনার পর গত বছরের ১২ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন সোবহান মাদবর। পরে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরবর্তীতে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান সুরুজ মাদবর ও স্বাধীন মাদবর। তবে সেই জামিনের মেয়াদ শেষ হলে তারা পুনরায় জামিনের আবেদন জানিয়ে আদালতে আত্মসমর্পণ করেন।
শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাদী সোবহান মাদবর বলেন, তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনি আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
বাদীপক্ষের আইনজীবী দিপু মিয়া জানান, মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলমান থাকবে।
/এএসএফ