কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দিলে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে ২০ লাখ মানুষের লং মার্চ ও সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী।সম্প্রতি আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, ইসলামাবাদ হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ ইমরান খানের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দিচ্ছে না।খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী বলেন, দেশের শাসনব্যবস্থা বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে। সরকারকে অবিলম্বে পিটিআই প্রধানের আইনি ও মানবিক অধিকার নিশ্চিত করতে হবে। তা না হলে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।তিনি এ আন্দোলনের প্রস্তুতির জন্য খাইবার পাখতুনখাওয়ার পাশাপাশি পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তান থেকেও দলীয় নেতা-কর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে প্রস্তুত থাকার আহ্বান জানান।মুখ্যমন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অধিকার নিশ্চিত করা না হলে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে বড় ধরনের লং মার্চ ও সমাবেশ করবে পিটিআই। এ কর্মসূচিতে ২০ লাখ মানুষ অংশ নেবে বলেও তিনি ঘোষণা দেন।
/বিএসএস