• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম


থালাপতি’কে শুভেচ্ছা জানাতে ৬৫০ কিলোমিটার হেঁটে চেন্নাই যাচ্ছেন কেরালার দম্পতি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ২:১১ পিএম

অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া বিজয় থালাপতির সঙ্গে দেখা করতে ৬৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ভারতের কেরালার এক দম্পতি।

সোমবার (১১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, গত ৭ মে কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকার বাসিন্দা মোহাম্মদ রাফি ও তার স্ত্রী সি.পি. উম্মু শাহানামোল তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা হন।

১০ মে বিজয় থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তবে হেঁটে চেন্নাই পৌঁছাতে সময় লাগবে ভেবে তিন দিন আগেই যাত্রা শুরু করেন এই দম্পতি।

তাদের দাবি, দীর্ঘদিন ধরেই তারা বিজয়ের ভক্ত। রাজনীতিতে বিজয়ের উত্থান এবং নির্বাচনে জয়ের পর তাকে সরাসরি শুভেচ্ছা জানানোর জন্যই তারা এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন।

পেশায় চালক মোহাম্মদ রাফি ও তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্লগিং করেন। যাত্রাপথের বিভিন্ন ভিডিও তারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, ব্যাগ, তাঁবু ও প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে মহাসড়ক ধরে হেঁটে এগিয়ে যাচ্ছেন তারা।

চেন্নাই পৌঁছানোই তাদের মূল লক্ষ্য। প্রতিদিন সকালে হাঁটা শুরু করেন তারা। রাত হলে নিরাপদ কোনো স্থানে বিশ্রাম নেন এবং পরদিন ভোরে আবার যাত্রা শুরু করেন এই দম্পতি।

/এইচটি