• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম


শিক্ষার্থী আন্দোলনে সংহতি: মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুলাই ২০২৬ ৮:৪৯ পিএম

ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কংগ্রেস। এতে অংশ নেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে সংসদ অভিমুখে পদযাত্রার একদিন পর কেন্দ্রীয় সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে কংগ্রেস এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।এর আগে সোমবার দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতার তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধী।

তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আচরণের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত।রাহুল অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের মারধরের ঘটনায় প্রধানমন্ত্রী কোনো প্রতিক্রিয়া জানাননি। তার ভাষায়, সরকারের প্রধান হিসেবে এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব।এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে গিয়ে আহত বিক্ষোভকারী শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

এদিকে মঙ্গলবার সকালে সংসদের অধিবেশন শুরুর আগে লোকসভার স্পিকার ওম বিরলার সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। বৈঠকে তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ এবং পরীক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল বলেন, শিক্ষার্থীদের ওপর চালানো সহিংসতা এবং পরীক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা হওয়া প্রয়োজন।তিনি অভিযোগ করেন, নিজেদের ভবিষ্যৎ নিয়ে ন্যায্য প্রশ্ন তোলার কারণেই শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা যদি সংসদে না হয়, তাহলে সংসদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন ওঠে।

রাহুল গান্ধী আরও বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে বিরোধী দল রাজপথ ও সংসদ—উভয় জায়গাতেই আন্দোলন চালিয়ে যাবে এবং এই ইস্যু কোনোভাবেই চাপা পড়তে দেওয়া হবে না।নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলোও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণ করছে।

/বিএসএস