• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম


চার সিটিতে শুরু হলো হামের টিকাদান

আপডেট টাইম: ১১ এপ্রিল ২০২৬ ৯:৩৫ পিএম

হামের উদ্বেগজনক প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বিশেষ টিকাদান কর্মসূচির পরিসর বাড়িয়েছে সরকার। রোববার (১২ এপ্রিল) থেকে রাজধানী ঢাকা-এর দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।

পরবর্তীতে আগামী ২০ এপ্রিল থেকে এই কার্যক্রম সারাদেশে সম্প্রসারিত করা হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হাম প্রতিরোধে দেশে গত ৫ এপ্রিল থেকে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ওই দিন থেকেই ১৮টি জেলার ৩০টি উপজেলায় এমআর টিকা প্রদান চালু করা হয়।

সাম্প্রতিক প্রাদুর্ভাবে যেসব এলাকায় সংক্রমণ তুলনামূলক বেশি, সেসব অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে প্রাথমিকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্বে টিকা নেওয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা গ্রহণ করা যাবে।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।