• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০১:৪১ এএম


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অর্থমন্ত্রী

আপডেট টাইম: ১৯ এপ্রিল ২০২৬ ৯:৪৪ পিএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার যে পরিমাণ দাম বাড়িয়েছে তা ‘খুবই নগণ্য’। তহবিলের ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে তিনি জানান। রোববার (১৯ এপ্রিল) আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠক শেষে দেশে ফিরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যতটুকু বাড়িয়েছি, সেটা খুবই নগণ্য। তহবিলের ওপর এত চাপ আসছে যে দেশের অর্থনীতি ও আগামী বাজেট মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

তিনি আরও দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু বাংলাদেশ দীর্ঘ সময় জনগণের স্বার্থ বিবেচনায় দাম বাড়ায়নি। তার ভাষায়, ‘অনেকেই বলছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনাদের তো তহবিল খালি হয়ে যাচ্ছে।’

আইএমএফের শর্ত প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলছি, আইএমএফের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

মূল্যস্ফীতি নিয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তেলের দাম বাড়লেই যে মূল্যস্ফীতি বাড়বে তা নিশ্চিত নয়। বাজারে চাহিদা ও সরবরাহ পরিস্থিতির ওপরও বিষয়টি নির্ভর করে।

তিনি আরও জানান, আইএমএফের আগের কর্মসূচি নিয়ে আলোচনা চলছে এবং সব শর্ত বর্তমান সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।