• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫২ পিএম


গভীর রাতে খুলনা সিটি মেডিকেলে অ’গ্নিকাণ্ড, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস-পুলিশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ১১:১৬ পিএম

খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাসপাতালটিতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন। এ সময় পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।

আগুন লাগার পর হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত ভবন থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হাসপাতালের নিচতলায় অবস্থিত জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ১৬ তলা ভবনের ওপরের দিকের কয়েকটি তলায় ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

এদিকে হাসপাতালের সামনে বিপুলসংখ্যক উৎসুক মানুষের ভিড় জমে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণের কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের ১২টি ইউনিট কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

/এসএন