চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লরির ধাক্কায় মিনিবাস উল্টে গেলে সেটির নিচে চাপা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রীও রয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোনাইছড়ি ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ছাত্রী নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলের এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট।
নিহত ছাত্রীর নাম মাইশা মুশফিরাত। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত অপর ছাত্রীসহ তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি লরি পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে চলছিল। এ সময় একটি লরি সড়কে থেমে থাকা একটি মিনিবাসকে ধাক্কা দেয়। ধাক্কায় মিনিবাসটি একদিকে কাত হয়ে উল্টে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা মুনির চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে এক সহপাঠীকে সঙ্গে নিয়ে স্থানীয় বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন মাইশা। এ সময় পেছন দিক থেকে একটি লরি ৮ নম্বর রুটের একটি মিনিবাসকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে মিনিবাসের নিচে চাপা পড়েন মাইশা। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।
মহাসড়ক অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীদের একজন শাহ নেওয়াজ চৌধুরী। তিনি আইআইইউসির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তিনি জানান, দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয় এলাকায় একটি পদচারী-সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ এবং পদচারী-সেতু নির্মাণের দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ করেছেন।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটক এলাকায় মিনিবাস থেকে ওই ছাত্রী নামেন। এর কিছুক্ষণ পর মিনিবাসটি উল্টে তাঁর ওপর পড়ে। একই ঘটনায় মিনিবাসের নিচে চাপা পড়ে আরও তিনজন আহত হন।
সার্জেন্ট শফিউল ইসলাম আরও বলেন, ‘স্থানীয় লোকজন লরি দুটিকে জব্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জব্দ লরি দুটি ও মিনিবাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’
/এসএন