• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম


আমরা এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, তিনি সব মন্ত্রণালয়ে মাতব্বরি করেনঃ জামায়াত আমির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ অক্টোবর ২০২৬ ৭:৫৫ পিএম

বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, তিনি সব মন্ত্রণালয়ে মাতব্বরি করেন। নিজের মন্ত্রণালয়ের অবস্থা খারাপ, দেশে আইনশৃঙ্খলা খুবই খারাপ।’

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ জেলা মৌলভীবাজারে এটিই তাঁর প্রথম সাংগঠনিক সফর ও সংবাদ সম্মেলন। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, একটি রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যতম। এই মন্ত্রণালয়ের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক থাকে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় সামলাতে ব্যর্থ হয়ে অন্য মন্ত্রণালয়গুলোর কাজে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করেন তিনি।

শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অযাচিত হস্তক্ষেপ চলছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সুশাসনের লক্ষণ হতে পারে না।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, দেশে এখন আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। প্রতিদিন খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও দখলবাজির ঘটনা বাড়ছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করবে, কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে নয়। কিন্তু বর্তমানে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে জামায়াত আমির বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজরা কোনো দলের প্রকৃত সম্পদ নয়। তারা নিজেরাও ডোবে, একই সঙ্গে দলকেও ডোবায়। কোনো দল বিপদে পড়লে এই সুবিধাবাদী গোষ্ঠীর লোকজন সবার আগে পালিয়ে যায়। এ ধরনের লোকদের বিষয়ে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীর মধ্যে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোনো জায়গা নেই উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তৃণমূল পর্যায় থেকেই তাঁরা এ বিষয়ে স্পষ্ট বার্তা দিতে চান।

তিনি আরও বলেন, অতীতে যারা লুটপাট ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল, তাদের অনেকেই এখন নিজেদের পরিচয় বদলে বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের ব্যক্তিদের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। তাঁর বক্তব্য, যারা জনগণের সম্পদ লুট করে, তারা দেশপ্রেমিক হতে পারে না। এসব অপরাধের বিচার জনগণের আদালতে হবেই বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, তাঁরা দেশে একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চান। বিরোধী দল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন তাঁরা। তবে দেশের স্বার্থে সরকার ভালো কোনো উদ্যোগ নিলে তাতে সহযোগিতাও করা হবে বলে জানান তিনি।

মৌলভীবাজার জেলার উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, চা ও প্রবাসী অধ্যুষিত জেলা হওয়া সত্ত্বেও মৌলভীবাজার এখনো উন্নয়ন থেকে বঞ্চিত। জেলার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জাতীয় সংসদে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমির মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতারা।

সংবাদ সম্মেলন শেষে ডা. শফিকুর রহমানের মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন ও ঐতিহাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে ২০২৭-২৮ সেশনের জন্য জেলা আমির নির্বাচনে ৬০০ জন রুকন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, জামায়াত আমিরের এই সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

/এসএন