• ঢাকা
  • রোববার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএম


তুরস্ক সরকারের সঙ্গে মক্কা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: জামায়াত আমির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ অক্টোবর ২০২৬ ১:০২ পিএম

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ ছাড়া বাংলাদেশের শিক্ষা, তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয় নিয়েও তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

রবিবার (১১ অক্টোবর) সকালে তুরস্ক সফর এবং সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরেন শফিকুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।

জামায়াত আমির বলেন, তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরা। সফরকালে তুরস্ক সরকারের সঙ্গে বিভিন্ন বৈঠক ও আলোচনায় বাংলাদেশের শিক্ষা, তৈরি পোশাক খাত এবং মক্কা চুক্তিসহ নানা বিষয় উঠে এসেছে।

বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, বিশ্ব এখন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কোনো ধরনের হামলাই বিশ্বের জন্য কল্যাণকর নয়। আলোচনার পথ ধরেই বিশ্বে শান্তি ফিরিয়ে আনা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এর আগে গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে দেশটিতে যান শফিকুর রহমান।

ওই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

/এসএন