ভারতে চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে আটক তরুণ বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
বিক্ষোভ শুরুর আগেই তরুণদের গ্রেপ্তার এবং তাঁদের কণ্ঠরোধের অভিযোগ তুলে এর নিন্দা জানান আসিফ মাহমুদ। একই সঙ্গে ভারতের সরকারকে তরুণদের প্রতিবাদ করার অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘আমি বিক্ষোভের আগে ধ্রুব রাঠী এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তরুণ বিক্ষোভকারীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।’
তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন প্রতিবেদনে বিক্ষোভ বাধাগ্রস্ত করতে ভারত সরকারের একাধিক পদক্ষেপের কথা উঠে এসেছে। এর মধ্যে রয়েছে শত শত ট্রেনের সময়সূচি বাতিল, বাস চলাচল স্থগিত, ইন্টারনেট সেবা বন্ধ এবং বিক্ষোভের এলাকাগুলো ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা।
আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করে।
এনসিপির মুখপাত্র ভারত সরকারের প্রতি আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার মৌলিক অধিকারকে সম্মান জানাতে হবে।
ফেসবুক পোস্টের শেষাংশে ভারতের তরুণদের আন্দোলনের প্রতি আন্তর্জাতিক সংহতি কামনা করেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার ন্যায়সংগত দাবির লড়াইয়ে সরকারি দমন-পীড়নের মুখোমুখি হওয়া ভারতের যুবসমাজের পাশে এই সংকটময় মুহূর্তে সংহতি প্রকাশের জন্য আমি বিশ্বের সমস্ত তরুণদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
/এসএন