• ঢাকা
  • রোববার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএম


ইস্তাম্বুল সফর ও ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ অক্টোবর ২০২৬ ১২:৪৪ পিএম

তুরস্ক সফর ও পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরের ভিআইপি কক্ষে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

জানা গেছে, জামায়াত আমিরের সফরসঙ্গী ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান।

এর আগে গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন ডা. শফিকুর রহমান।

তুরস্ক সফরকালে গত বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ অন্যরা।

গত ৯ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান সম্মেলনের প্রতিপাদ্যের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে সৌদি আরবে যান জামায়াত আমির। সেখানে পবিত্র ওমরাহ পালন করে দেশে ফেরেন তিনি।

/এসএন