• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম


জামিন আবেদন খারি’জ, দুই দফা ৮ দিনের রিমা’ন্ড শেষে কা’রাগারে এমপি নজরুল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৯:৫৮ পিএম

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট ৮ দিনের রিমান্ড শেষে সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ওরফে গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ সালাউদ্দিন আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী মাহবুবুল ইসলাম তার জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এমপি নজরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটের ভেতর থেকে এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

পরবর্তীতে সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার কক্ষে কয়েকটি চিরকুটও পাওয়া যায়।

ঘটনার পরদিন নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে এমপি নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।

মামলা দায়েরের পর রাতেই নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

/এসএন