• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম


বিমান বহরে যুক্ত হচ্ছে ১১ নতুন বোয়িং, চুক্তি সই

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৭ এএম

বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি সই: মাহদী আমিনদেশের বিমান পরিবহন খাতের পরিধি বাড়ানো এবং নতুন নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এই চুক্তি স্বাক্ষর করা হয়।চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ সংগ্রহ করবে। চুক্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ, আন্ডার সেক্রেটারি অব কমার্স উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বাংলাদেশের পক্ষ থেকেও সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের এভিয়েশন খাত বর্তমানে সম্প্রসারিত হচ্ছে এবং সামনে নতুন নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে নতুন উড়োজাহাজের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের কথাও তুলে ধরেন মাহদী আমিন। তিনি জানান, দেশের চাহিদাকে প্রাধান্য দিয়েই উড়োজাহাজগুলো কেনা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী অন্য কোনো উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা হতে পারে। এ ক্ষেত্রে এয়ারবাসের নামও উল্লেখ করেন তিনি।এদিকে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর বোয়িংয়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বোয়িংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসনের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে জানানো হয়েছে।এর আগে চলতি বছর বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার একটি চুক্তি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন ১১টি উড়োজাহাজের চুক্তিসহ ২০২৬ সালে বোয়িংয়ের কাছ থেকে মোট ২৫টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।

/বিএসএস