• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম


৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক, জিন্নাতের হাত ধরে!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫৬ পিএম

গতকালই নিশ্চিত হয়ে গিয়েছিল, মেয়েদের ৫২ কেজি উশু ইভেন্টে বাংলাদেশের জন্য একটি পদক আসছে। আজ এলো সেই সুখবর। ৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত পদক জিতেছেন জিন্নাত আক্তার। উশুতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন নেত্রকোনার এই ক্রীড়াবিদ।

ইন্দোনেশিয়ার থারিসা দেইয়া ফ্লোরেন্তিনা ডিসকোয়ালিফায়েড হওয়ায় এশিয়ান গেমসের সেমিফাইনালে জায়গা করে নেন জিন্নাত। উশুর এই ইভেন্টে সেমিফাইনালে উঠলেই একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়। ফলে সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের পদক নিশ্চিত হয়ে যায়।

আজ সেমিফাইনালের লড়াইয়ে চীনের উ ডিয়ের মুখোমুখি হন জিন্নাত। তবে চীনা প্রতিপক্ষের কাছে হেরে যাওয়ায় সোনা বা রুপার লড়াইয়ে ওঠা হয়নি তাঁর। ফলে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে জিন্নাতকে।

তবে এই ব্রোঞ্জই বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ, দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে কোনো ক্রীড়াবিদ ব্যক্তিগত পদক জিতলেন।

জিন্নাতের আগে সর্বশেষ বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতেছিলেন মোশাররফ হোসেন।

নেত্রকোনার জিন্নাতের এই সাফল্যের ফলে এশিয়ান গেমসের মঞ্চে দীর্ঘ অপেক্ষার পর আবারও বাংলাদেশের ব্যক্তিগত পদকের দেখা মিলল।

/এএসএফ