• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম


ইসলামাবাদে ২১ ঘণ্টার বৈঠকেও অচলাবস্থা, ফলহীন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ৬:০৩ পিএম

পাকিস্তানের ইসলামাবাদে টানা ২১ ঘণ্টা বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও যুদ্ধবিরতি ইস্যুতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আলোচনা শেষ পর্যন্ত ফলহীনভাবে শেষ হয়েছে।

বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি জানান, পুরো সময়জুড়ে প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং অন্তত অর্ধডজন থেকে এক ডজনবার আলোচনা হয়েছে।

এ সময় মার্কিন প্রতিনিধি দল প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও পরামর্শ করে।

সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, তারা একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ নিয়ে ফিরছেন। তবে কেন আলোচনা ভেঙে গেল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

তবে জানা গেছে, মূল বিরোধের কেন্দ্রবিন্দু ছিল পারমাণবিক অস্ত্র ইস্যু। যুক্তরাষ্ট্র চায়, ইরান স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিক—তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং সে ধরনের সক্ষমতাও অর্জন করবে না।

অন্যদিকে, ইরান এই অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক’ দাবিকে দায়ী করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জাতীয় স্বার্থ রক্ষায় দীর্ঘ আলোচনার পরও মার্কিন অবস্থানের কারণে কোনো অগ্রগতি হয়নি।

সব মিলিয়ে, বহু প্রত্যাশিত এই বৈঠকেও কোনো সমাধান না আসায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।