মাঠের জাদুতে কোটি মানুষের হৃদয় জয় করেছেন লিওনেল মেসি। এবার মাঠের বাইরেও মানবিক উদ্যোগের মাধ্যমে আলোচনায় এসেছেন আর্জেন্টিনার এই ফুটবল তারকা। স্পেনের বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য একটি বিশেষায়িত কেন্দ্র নির্মাণে বড় অঙ্কের অর্থ অনুদান দিয়েছেন তিনি।ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম ও স্পেনের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার সান্ত জোয়ান দে দেউ হাসপাতালে বিশেষায়িত শিশু ক্যানসার চিকিৎসাকেন্দ্র গড়ে তুলতে মেসি ও তার দাতব্য সংস্থা ‘লিও মেসি ফাউন্ডেশন’ যৌথভাবে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৪ কোটি টাকা।তবে সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদে ভুলভাবে অনুদানের পরিমাণ ২ কোটি ৬০ লাখ ইউরো বলা হয়েছে। প্রকৃত অনুদানের পরিমাণ ২৬ লাখ ইউরো।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের ফলে ক্যানসারে আক্রান্ত শিশুরা একই ছাদের নিচে আধুনিক ও সমন্বিত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে। নতুন এই চিকিৎসাকেন্দ্রে প্রতি বছর প্রায় ৪০০ শিশু উন্নত ক্যানসার চিকিৎসা নিতে পারবে।হাসপাতালের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মেসির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বার্সেলোনায় দীর্ঘ সময় কাটানো মেসি এর আগেও শহরটির শিশুদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবায় বিভিন্নভাবে সহায়তা করেছেন।লিওনেল মেসি তার প্রতিষ্ঠিত ‘লিও মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে আসছেন।শিশুদের ক্যানসার চিকিৎসায় এবার তার এই বড় অনুদানও নতুন করে প্রশংসা কুড়িয়েছে। ফুটবলের মাঠে সাফল্যের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগে আবারও আলোচনায় এসেছেন মেসি।
/বিএসএস