দীর্ঘ আইনি লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ। গণনার বাইরে থাকা ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনার পর প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আল-হারবিকে ১২ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। তবে পরিবর্তিত ফলাফলের আনুষ্ঠানিক প্রত্যয়ন ও দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া এখনো বাকি রয়েছে।২০২৫ সালের ৪ নভেম্বর অনুষ্ঠিত হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচনে মুহিত মাহমুদ ও অ্যাডাম আল-হারবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্বাচনের পর গণনার বাইরে থাকা ৩৭টি অনুপস্থিত ব্যালট নিয়ে শুরু হয় আইনি বিরোধ। এ নিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া চলে।একপর্যায়ে মিশিগান কোর্ট অব আপিলস ওই ব্যালটগুলো গণনার নির্দেশ দেয়। পরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আপিল শুনতে রাজি না হওয়ায় আগের নির্দেশ বহাল থাকে। এর ফলে নতুন করে ব্যালট গণনার পথ খুলে যায়।অবশেষে গত ১৬ অক্টোবর ওই ব্যালটগুলো গণনার পর মুহিত মাহমুদ পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। অন্যদিকে, অ্যাডাম আল-হারবি পেয়েছেন ২ হাজার ৭৭ ভোট। এতে ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান মুহিত মাহমুদ।দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই ফলাফল মুহিত মাহমুদের পক্ষে যাওয়ায় হ্যামট্রাম্যাকের বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের কাছে তাঁর এই সাফল্য বিশেষ গুরুত্ব বহন করছে।একই সঙ্গে ঘটনাটি নির্বাচনে প্রতিটি বৈধ ভোট গণনা, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ফলাফল নিয়ে বিরোধ নিষ্পত্তিতে আইনি ব্যবস্থার ভূমিকার বিষয়টিও সামনে এনেছে।তবে পরিবর্তিত ফলাফলের আনুষ্ঠানিক প্রত্যয়ন এবং মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বিষয়টি এখনো বাকি রয়েছে।
/বিএসএস