যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে প্রায় ২৮ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট। সর্বশেষ শনিবার (৮ আগস্ট) দুপুর পর্যন্ত ফ্লাইটটি ছেড়ে যেতে পারেনি।
দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে গিয়ে যাত্রীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। বিকল্প আবাসনের ব্যবস্থা না থাকায় বহু যাত্রীকে বিমানবন্দরের মেঝেতে রাত কাটাতে হয়েছে।
যাত্রীদের তথ্য অনুযায়ী, ফ্লাইটটিতে মোট ২৬০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারী। অন-অ্যারাইভাল ভিসায় ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তারা বিমানবন্দর থেকে বের হতে পারেননি। ফলে হোটেলে থাকার সুযোগও পাননি এবং বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান করতে বাধ্য হয়েছেন।
বিমানের পক্ষ থেকে শুক্রবার রাতে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও অতিরিক্ত যাত্রীর কারণে সেখানে সবার জায়গা হয়নি। এতে অনেক যাত্রী আরও বেশি ভোগান্তির মুখে পড়েন।
ফ্লাইটের যাত্রী, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মো. আবু সাঈদ জানান, রোম বিমানবন্দরে পৌঁছানোর পর বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটির কথা বলে তাদের প্রায় আট ঘণ্টা বিমানের ভেতরে বসিয়ে রাখা হয়। ফ্লাইটে অনেক শিশু ও বয়স্ক যাত্রী থাকায় তারা অসুস্থ হয়ে পড়েন।
তিনি বলেন, একপর্যায়ে অধিকাংশ যাত্রী অসুস্থ বোধ করলে বিমানের কর্মকর্তারা সবাইকে প্লেন থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নিয়ে যান। কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীরা ইতালিতে প্রবেশ করতে না পারায় হোটেলে যেতে পারেননি। তার অভিযোগ, বিমান তাদের প্রয়োজনীয় থাকা ও খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেনি। ফলে অনেকেই সারারাত বিমানবন্দরের মেঝেতে শুয়ে কাটিয়েছেন। রাত ১১টার দিকে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবাই স্থান পাননি।
অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের খাবার ও থাকার ব্যবস্থা করার দাবি করা হলেও যাত্রীরা ভিন্ন অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
ফ্লাইটের আরেক যাত্রী গণমাধ্যমকে বলেন, ফ্লাইটে অনেক ডায়াবেটিস রোগী ছিলেন, যাদের নির্দিষ্ট সময়ে খাবার ও ইনসুলিন নেওয়া প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী লাগেজে থাকায় তারা সেগুলো ব্যবহার করতে পারছেন না। লাগেজ তখনও বিমানের ভেতরেই ছিল। শিশুরাও দীর্ঘ সময় না খেয়ে অসুস্থ ও বিরক্ত হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, লাউঞ্জে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও অতিরিক্ত মানুষের কারণে সেখানে সবার জায়গা হয়নি। ফলে অনেকে মেঝেতে ঘুমিয়েছেন, কেউ আবার বিমানবন্দরের বিভিন্ন স্থানে বসে সময় কাটিয়েছেন। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর সকালের নাস্তা দেওয়া হয়। তার ভাষায়, পুরো পরিস্থিতি ছিল চরম দুর্ভোগের।
জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
ত্রুটি মেরামতের জন্য দুপুর আড়াইটার দিকে একদল প্রকৌশলী রোমের উদ্দেশে রওনা হয়েছেন। তাদের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রোমে পৌঁছানোর কথা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, কারিগরি ত্রুটি মেরামত শেষ হলে শনিবার ইতালির স্থানীয় সময় রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে। সবকিছু ঠিক থাকলে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
বিমানের সংশোধিত সময়সূচি অনুযায়ী, এই ফ্লাইটের যাত্রীদের মোট প্রায় ৪০ ঘণ্টা রোম বিমানবন্দরে অপেক্ষা করতে হতে পারে। ফ্লাইটটিতে বাংলাদেশিদের পাশাপাশি ইতালি ও কানাডার নাগরিকরাও রয়েছেন।
/এসএন