• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম


ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চট্টগ্রামের ৪ ভাইয়ের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ মে ২০২৬ ৯:৪৮ এএম

ওমানে একটি গাড়ির ভেতরে থাকা অবস্থায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মোলাদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ।

তারা সবাই আবদুল মজিদের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওমান-এ কর্মরত ছিলেন।পরিবার সূত্রে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে দুজন অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিল তাদের।

দেশে ফেরার প্রস্তুতি হিসেবে কেনাকাটা শেষ করে কর্মস্থলে ফেরার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন।ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকার কারণে এসি বা গাড়ির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ—তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।এ ঘটনায় রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একই পরিবারের চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর সংবাদে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও গভীর শোক বিরাজ করছে।ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

/বিএসএস