বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের পর সেই যাত্রার ভাড়া পরিশোধ করতে রেলস্টেশনের কাউন্টারে টাকা ও হাতে লেখা একটি চিরকুট রেখে গেছেন এক যাত্রী। শনিবার (১০ অক্টোবর) বিকেলে বগুড়ার একটি রেলস্টেশনের কাউন্টারে এ ঘটনা ঘটে।
চিরকুটে নিজের পরিচয় ‘মাহী’ হিসেবে উল্লেখ করেন ওই যাত্রী। তিনি জানান, তাড়াহুড়ার কারণে টিকিট কাটার সময় না পাওয়ায় বিনা টিকিটে সান্তাহার যেতে হয়েছিল তাঁকে। তবে ফেরার সময় টিকিট কেটেছিলেন বলেও চিরকুটে উল্লেখ করেন তিনি।
চিরকুটে লেখা ছিল, ‘আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি।’
টিকিট না কেটে যাত্রা করার পরও পরে ভাড়া পরিশোধের জন্য টাকা ও চিরকুট রেখে যাওয়ার ঘটনায় যাত্রীর সচেতনতার প্রশংসা করেছেন স্টেশনে দায়িত্ব পালনকারী সহকারী স্টেশনমাস্টার সাব্বির আহমেদ।
তিনি বলেন, ‘রেলস্টেশনে এলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসা উচিত। যিনি এভাবে চিরকুট ও টাকা রেখে গেছেন, তিনি পরিচয় জানালে আমরা তাঁকে ধন্যবাদ জানাতে পারতাম।’
রেলওয়েকে সবার সম্পদ উল্লেখ করে এর যত্ন ও সুরক্ষায় সবাইকে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান জানান সহকারী স্টেশনমাস্টার সাব্বির আহমেদ।
/এসএন