• ঢাকা
  • রোববার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পিএম


‘আমাদের নির্ধারিত সড়কে চলতে দিন’, মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের বিক্ষো’ভ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ অক্টোবর ২০২৬ ১২:৪৮ পিএম

ঢাকা শহরে তিন দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ার বিষয়ে সড়ক ও সেতুমন্ত্রীর হুঁশিয়ারির প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকেরা। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন তাঁরা। এতে মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে চারপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধে অংশ নেওয়া এক অটোরিকশাচালক বলেন, তাঁদের মূল দাবি হলো সড়কে অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়া। কোনো কারণ ছাড়াই তাঁদের গাড়ি ডাম্পিং করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, ইউটার্ন নেওয়ার সময়ও গাড়ি ডাম্পিং করা হয়। পরে গাড়ি ছাড়িয়ে নিতে গেলে তা ফেরত দেওয়া হয় না। কখনো আজকের বদলে পরদিন গাড়ি দেওয়ার কথা বলে তাঁদের ঘোরানো হয়।

ওই চালক আরও বলেন, ‘আমাদের এখন তিন-চারজন চালক গাড়ি ছাড়ানোর কাগজ (স্লিপ) হাতে নিয়ে ঘুরছেন। আজ গাড়ি দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি, যার প্রমাণ আমাদের হাতেই আছে। আপনারা তা দেখতে পারেন। এই অন্যায়ের কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।’

পরিবার নিয়ে আর্থিক সংকটের কথাও তুলে ধরেন এই চালক। তিনি বলেন, ‘আমাদের পেটে যদি ভাত না থাকে, তবে পরিবারে অশান্তি নেমে আসে। বউ, সন্তান ও মা-বাবাকে নিয়ে আমরা বিপদে আছি। অনেকে ঋণ করে গাড়ি কিনেছেন, কিন্তু গাড়ি আটকে রাখায় সেই ঋণের কিস্তিও পরিশোধ করা সম্ভব হচ্ছে না।’

অবরোধে অংশ নেওয়া আরেক অটোরিকশাচালক বলেন, যেসব সড়কে তাঁদের গাড়ি চলাচলের অনুমতি রয়েছে, অন্তত সেসব সড়কে চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে। পুরো শহরে অটোরিকশা চালানোর দাবি তাঁদের নয়; বরং নির্ধারিত সড়কে গাড়ি চালানোর সুযোগ চান তাঁরা।

ওই চালক বলেন, সরকার মিরপুর রোডে অটোরিকশা চলাচল করতে দেয় না, তাই তাঁরাও সেখানে গাড়ি নিয়ে যান না। কিন্তু এখন ধানমন্ডি রোডেও তাঁদের চলাচলে বাধা দেওয়া হচ্ছে। সেখানে গেলেই গাড়ি ডাম্পিং করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

অটোরিকশা চালকদের এই অবরোধের কারণে মোহাম্মদপুর চার রাস্তার মোড় এবং আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। গাড়ি ডাম্পিং বন্ধ, আটক করা অটোরিকশা ফেরত দেওয়া এবং নির্ধারিত সড়কে চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে তাঁরা কর্মসূচি পালন করছেন।

/এসএন