হোটেলের রেজিস্টারে নাম ‘তানজু আক্তার’, রাজুর স্ত্রী পরিচয়ে উঠেছিলেন তাজমিন
কুমিল্লায় ধর্ষণের পর হত্যার শিকার স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) শেষ যাত্রাপথ ঘিরে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। কক্সবাজারের একটি আবাসিক হোটেলের রেজিস্টারে তাঁর নাম লেখা হয়েছিল ‘তানজু আক্তার’। সেখানে বয়স উল্লেখ করা হয় ১৮ বছর। পরিচয় দেওয়া হয়েছিল রিয়াজ উদ্দিন ওরফে রাজুর স্ত্রী হিসেবে।তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যায় তাজমিন ও রিয়াজ কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠেন। পরদিন ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তাঁরা হোটেল ছেড়ে চলে যান। পরে রিয়াজ তাজমিনকে কুমিল্লাগামী একটি বাসে তুলে দেন বলে জানা গেছে।হোটেলের রেজিস্টার খাতা, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে কথা বলে কক্সবাজারে তাজমিনের অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।এদিকে, গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশার চালক সুমন মিয়ার হাতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন তাজমিন। পরদিন সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাজমিনের আইফোনটিও উদ্ধার করে।তাজমিনের কক্সবাজারে অবস্থান, হোটেলের রেজিস্টারে ভিন্ন নাম ও বয়স ব্যবহার এবং সেখান থেকে কুমিল্লায় ফেরার ঘটনাগুলো তাঁর মৃত্যুর আগে ঘটে যাওয়া পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে।
/বিএসএস