• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম


তিন দেশ থেকে এক দিনে দেশে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ

আপডেট টাইম: ১৯ এপ্রিল ২০২৬ ৯:৫৫ এএম

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে এক দিনেই ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে এসব মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ এসে পৌঁছায়।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত প্রবাসীরা স্বাভাবিক কারণে মারা গেলেও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ এসেছে কুয়েত থেকে। শনিবার সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একসঙ্গে ৩০ জন প্রবাসীর মরদেহ দেশে আনা হয়। এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে আসা পৃথক ফ্লাইটে আরও চারটি মরদেহ (প্রতিটি দেশ থেকে দুটি করে) পৌঁছায়।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে প্রতিটি পরিবারকে দাফন ও সংশ্লিষ্ট খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি, যেসব পরিবার অতিরিক্ত আর্থিক সুবিধা বা বীমা পাওয়ার যোগ্য, তাদের দ্রুত সেই সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।