যুদ্ধের কারণে গাজার অর্থনীতি নজিরবিহীন সংকটের মধ্যে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন (আঙ্কটাড)। সংস্থাটির মতে, বিশ্বের ইতিহাসে গাজায় বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটগুলোর একটি চলছে। এরই মধ্যে অঞ্চলটির অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে আঙ্কটাড এসব তথ্য জানায়। প্রতিবেদনটি নিয়ে আল-জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
আঙ্কটাডের তথ্য অনুযায়ী, গাজার ৯২ শতাংশ অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর ফলে অঞ্চলটির অর্থনৈতিক কর্মকাণ্ড কার্যত ভেঙে পড়েছে।
আঙ্কটাডের ভারপ্রাপ্ত মহাসচিব পেদ্রো ম্যানুয়েল মোরেনো বলেন, ইসরায়েলের সামরিক অভিযানের প্রভাবে গাজার অর্থনীতি ধসে পড়েছে। এর ফলে কয়েক দশকের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নস্যাৎ হয়েছে এবং গাজার বাসিন্দারা ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে গাজায় দৈনিক মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমে মাত্র ০.৫৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ২০২২ সালের তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ২৭৪ শতাংশ।
আঙ্কটাডের তথ্য বলছে, যুদ্ধের কারণে গাজার উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সাধারণ মানুষের আয় ও ক্রয়ক্ষমতা কমেছে। একই সঙ্গে বেড়েছে জীবনযাত্রার ব্যয়।
সংস্থাটি জানিয়েছে, গাজার অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার এবং মানুষের জীবিকা ফিরিয়ে আনতে বিপুল পরিমাণ পুনর্গঠন কার্যক্রমের পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহায়তার প্রয়োজন হবে।
/এসএন